
নীলফামারীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব চন্দ্র (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকার রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত বিপ্লব চন্দ্র সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্রের ছেলে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিপ্লবের বাবা বিকাশ চন্দ্র রায় জানান, কয়েক বছর আগে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন বিপ্লব। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মঙ্গলবার বিকেলে পূজা দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। পরে বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর একটি পা বিচ্ছিন্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

