গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম স্টিজ গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

