ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুল বারীকে গ্রেপ্তার ও ভাঙচুরের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ছোট কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাতুল মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালক ও শিক্ষক মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ভাঙচুর চালান। পরে মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ধর্ষণ মামলার বাদীসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন অভিযুক্ত শিক্ষকের ছেলে উমায়েত।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে, ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত আব্দুল বারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

