ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী।
পরিবারের দাবি, ভোরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার অপারেশন কর্মকর্তা দেবাশীস সানা জানান, পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

