নীলফামালীর কিশোরগঞ্জে দাদন ব্যবসায়ী রিপন মিয়ার বিরুদ্ধে উচ্চ সুদে টাকা ধার দেওয়া, চেকের অপব্যবহার এবং হয়রানিমূলক মামলা করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগে তাঁর গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রশিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল কাশেম, পল্লী চিকিৎসক গাউসুল আজম বিপু, মাদরাসাশিক্ষক আফজালুল হক এবং কলেজশিক্ষক সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রনচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাইফুল ইসলাম অভিযোগ করেন, তিনি রিপন মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। এর বিপরীতে তাঁকে ২০টি ফাঁকা চেক দিতে হয়। ধার নেওয়া টাকা পরিশোধ করার পরও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখনো রিপনের কাছে তাঁর ১৬টি চেক জমা রয়েছে বলে দাবি করেন তিনি। মূল টাকার পাশাপাশি উচ্চ হারে সুদ নেওয়ার পরও তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম।
অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল কাশেম বলেন, তিনি রিপন মিয়ার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নিয়েছিলেন। এর বিপরীতে ইতোমধ্যে দুই লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছেন। কিন্তু দুটি চেকের বিপরীতে একটি দিয়ে ১৬ লাখ এবং অন্যটি দিয়ে ১৪ লাখ টাকার মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রিপন মিয়া কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি এলাকার বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চ সুদে টাকা ধার দিয়ে তা আদায়ের পরও তিনি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আদালতে শতাধিক মামলা করেছেন। এসব মামলায় তাঁর আপন ভাই, ভগ্নিপতি, শ্যালক, শ্যালিকা, শ্যালকের ছেলে ও ঘনিষ্ঠ বন্ধুরা বাদী হয়েছেন বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে রশিদুল ইসলাম বলেন, রিপন মিয়ার দাদন ব্যবসার কারণে কিশোরগঞ্জ উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার অনেক মানুষ আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন। অনেকে জমিজমা ও বসতভিটা হারিয়েছেন। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে অনেক পরিবারে দাম্পত্য কলহ তৈরি হয়েছে, এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও ঘটেছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম বলেন, রিপন মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আদালতে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে রিপন মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

