
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’। কুমিল্লার কাচিসাইর আলোর দিশারীর উদ্যোগে এবং সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পরীক্ষার আয়োজন করা হয়।
এতে এলাকার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিসাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুর্শেদুল কবির খোকন ভূঁইয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফারুক সরকার, কাচিসাইর আলোর দিশারীর সভাপতি গাজী মো. আলী আজম, সাধারণ সম্পাদক মো. আফরোজ সরকার এবং শিক্ষক নজরুল ইসলাম মুন্সী।
এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম সিকদার। এ ছাড়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পরীক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধা ও মননের বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কাচিসাইর আলোর দিশারীর নেতৃবৃন্দ, আয়োজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষাবিদ (অব.) মো. মফিজুল ইসলাম মাস্টার এবং কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

