প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করার পর নীলফামারীতেও শুরু হয়েছে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নীলফামারী জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। পরে কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক দিলগীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে নীলফামারী জেলায় ১০টি ইভেন্টে মোট ২৮ হাজার ৭০১ জন নিবন্ধন করেছেন।
প্রসঙ্গত, সারাদেশে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস, এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

