
পাবনায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা জোরদার এবং কৃষি খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ১০৪ জন কৃষকের মাঝে ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।
পাবনা জেলা পরিষদের রশিদ হলে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অতিথিরা কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষকদের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
তারা আশা প্রকাশ করেন, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষির আধুনিকায়নে এবি ব্যাংকের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

