
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির আয়োজনে মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ, মানুষের শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
দলীয় পতাকা উত্তোলন, ঐতিহাসিক আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।

