
নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি, মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় একটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বৈশাখী সুইটসে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।
অভিযানকালে বৈশাখী সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও সন্দেশ সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী দোকানটিকে জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দোকানটির মালিক সুশান্ত জোয়ার্দার জরিমানার অর্থ পরিশোধ করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, অভিযানে দোকানের দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি এবং স্বাস্থ্যবিধি (হাইজিন) পরীক্ষা করা হয়। পাশাপাশি দুধ ও মিষ্টি প্রস্তুতের কাজে ব্যবহৃত সারফেস বা পৃষ্ঠতলও পরীক্ষা করা হয়।

