
লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে দুধের কৌটায় পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। বোমাগুলোর মধ্যে ছয়টি বড় ও পাঁচটি ছোট আকারের ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি খালি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে সাইফুল ইসলাম সুজন নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়।
পুলিশ জানায়, সুজন যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখান থেকেই বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (৯ নভেম্বর) তার থাকার ঘর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করে পুলিশ। এরপর থেকে বোমাগুলো পুলিশি পাহারায় রাখা হয়। আদালতের নির্দেশে বিষয়টি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে জানানো হয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেন বিশেষজ্ঞ দলের সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন তারা। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয়রা তাদের ভালোভাবে চিনতেন না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় আটক হন। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠান থেকে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে, বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল।

