
রংপুর বিভাগের অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোছা. সায়মা পারভীন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শারীরিক শিক্ষা বিষয়ের মানোন্নয়নে দীর্ঘদিনের অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সায়মা পারভীনের এ অর্জনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিক্ষাঙ্গন, শিক্ষক সমাজ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সায়মা পারভীন বলেন, “কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালনের চেষ্টা করব। রংপুর বিভাগের সব শারীরিক শিক্ষা শিক্ষকের পেশাগত অধিকার রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে সায়মা পারভীন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

