মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক নিরাপত্তা, কল্যাণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন ও নির্বাহী কর্মকর্তা (সিইও) মিলিন্দ দেরাসারির সঙ্গে বৈঠক করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সম্প্রতি মালের বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষা, কর্মসংস্থান সম্প্রসারণ, নৈতিক অভিবাসন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির উন্নয়নের পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন ডলারে বেতন প্রদান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। এতে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজে ও নিরাপদে দেশে অর্থ পাঠাতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত করবে।
কোকা-কোলা মালদ্বীপের সিইও মিলিন্দ দেরাসারি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২০০-এর বেশি বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত রয়েছেন। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার উচ্চ প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে কর্মীদের বেতন মার্কিন ডলারে প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ব্যবস্থা যথাসম্ভব অব্যাহত রাখা হবে। এছাড়া থুলুসধু দ্বীপে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন তিনি।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ (BOESL)-এর মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ নিশ্চিত হলে কর্মীদের অধিকার ও কল্যাণ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিত করতে বিভিন্ন বড় নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে হাইকমিশনের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

