চলতি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে নিষিদ্ধ আকাশসীমায় অবৈধভাবে ড্রোন ওড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ১১ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বকাপ ভেন্যুগুলোর আশপাশ থেকে ৬০০টিরও বেশি অবৈধ ড্রোন জব্দ করা হয়েছে, যা অস্থায়ী উড়ান-নিষেধাজ্ঞা (টিএফআর) লঙ্ঘন করে ওড়ানো হচ্ছিল।
এফবিআই জানিয়েছে, স্থানীয় ও অঙ্গরাজ্য (স্টেট) পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা বিশ্বকাপের ম্যাচ ভেন্যু এবং ফ্যান ফেস্ট এলাকাগুলোতে ড্রোনের অবৈধ তৎপরতা নজরদারি করছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। নিয়ম অনুযায়ী, অধিকাংশ লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা এবং ড্রোন জব্দ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে এই ড্রোনবিরোধী নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এফবিআই। শুধু কানসাস সিটিতেই বিশ্বকাপ-সংক্রান্ত ভেন্যুর বাইরে এখন পর্যন্ত ৩২টি ড্রোন জব্দ করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি আর. ম্যাথিউ প্রাইস এক সতর্কবার্তায় বলেন, “নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন ওড়ানো শুধু অবৈধই নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও। বিশ্বকাপ দেখতে আসা দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আকাশসীমা ড্রোনমুক্ত রাখতে বদ্ধপরিকর। তাই অবৈধভাবে ড্রোন ওড়ানোর আগে দু’বার ভাবুন—আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিচার বিভাগ কঠোর ব্যবস্থা নেবে।”
এদিকে, জুনের মাঝামাঝি ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচ চলাকালে আকাশসীমায় নিবন্ধনবিহীন ড্রোন উড়ানোর অভিযোগে ৩৩ বছর বয়সী লুইস মরিসিও ফ্লোরেস অর্ডোনেজ নামে এক হন্ডুরাসের নাগরিকের বিরুদ্ধে ফেডারেল অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, লুইস একটি নিবন্ধনবিহীন ‘ডিজেআই মিনি ৩ প্রো’ ড্রোন ব্যবহার করে ম্যাচ চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করেন। এফবিআই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি শনাক্ত করে এবং টাস্কফোর্সের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। বর্তমানে বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি আটক রয়েছেন।
কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে যে, প্রতিটি বিশ্বকাপ ম্যাচ শুরু হওয়ার তিন ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট স্টেডিয়ামের আকাশসীমায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ম্যাচ শেষ হওয়ার পর আরও তিন ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

