
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। তাঁরা দুজনই লাইন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। তবে বিদ্যুৎ সংযোগ (শাটডাউন) বন্ধ না করেই দুই শ্রমিক অসতর্কতাবশত লাইনে কাজ শুরু করেন। এ সময় তাঁরা মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

