যুক্তরাষ্ট্র থেকে এর আগে বহিষ্কৃত হওয়া এবং একাধিকবার অবৈধভাবে পুনরায় প্রবেশের রেকর্ড থাকা এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফ্লোরিডায় তাঁর ভাবিকে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এই মামলায় প্রসিকিউটররা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছেন।
ফ্লোরিডার লেক কাউন্টির একটি গ্র্যান্ড জুরি গত বুধবার ৪৪ বছর বয়সী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ গঠন করে। ২০২৫ সালের ২ মে ৪৪ বছর বয়সী মনিকা ইসলামকে হত্যার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে বলে গত শুক্রবার স্টেট অ্যাটর্নি বিল গ্ল্যাডসন নিশ্চিত করেছেন।
প্রসিকিউটরদের দাবি, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর থাকলে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হতো। স্টেট অ্যাটর্নি বিল গ্ল্যাডসন শহিদুলের দীর্ঘ অভিবাসন ইতিহাস তুলে ধরে বলেন, “এই অপরাধ সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ছিল।”
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, নিহত মনিকার স্বামী রাশেদুল ইসলাম এবং তাঁর ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে মনিকার ওপর পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছিল। মনিকা নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ তাঁর মেয়ের কর্মস্থল একটি কনভেনিয়েন্স স্টোরে এসেছিলেন। নজরদারি ক্যামেরার ফুটেজে তাঁকে শহিদুল ইসলামের গাড়ির দিকে হেঁটে যেতে দেখা যায়। এরপর দিন সকাল আনুমানিক ৭টার দিকে মাউন্ট ডোরার বাইরে একটি সড়কের পাশে পথচারীরা তাঁর মরদেহ দেখতে পান। তাঁর মাথায় গুলির আঘাত ছিল।
তদন্তকারীরা জানান, হত্যার দিন সকালে শহিদুল ইসলামের ফোন রেকর্ড ও অনলাইন কার্যক্রমে হত্যাকাণ্ড-সংক্রান্ত একাধিক ‘সন্দেহজনক’ অনুসন্ধানের (সার্চ হিস্ট্রি) তথ্য পাওয়া গেছে। তাঁর গাড়ি তল্লাশি করে যাত্রীর পাশের ভাঙা জানালা, দরজায় আটকে থাকা একটি বুলেট এবং ভেতরে রক্তের দাগ পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় ওই রক্ত মনিকার বলে শনাক্ত হয়েছে। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর শহিদুল ইসলাম অন্য একটি গাড়ি ভাড়া করে নিউ ইয়র্ক সিটিতে পালিয়ে যান।
বিল গ্ল্যাডসনের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলাম পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার বিভিন্ন আইনি ধাপের মধ্য দিয়ে গেছেন। আদালত ও অভিবাসন নথির বরাত দিয়ে তিনি জানান, শহিদুলকে এর আগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি আবার অবৈধভাবে প্রবেশ করেন এবং অভিবাসন অপরাধে ১০ মাসের ফেডারেল কারাদণ্ড ভোগ করে নজরদারির (প্রবেশন) শর্তে মুক্তি পান। কিন্তু তিনি প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা না দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান।
ফ্লোরিডার প্রধান আর্থিক কর্মকর্তা ব্লেইস ইনগোগ্লিয়া এক বিবৃতিতে বলেন, “এমন অর্থহীন ও ভয়াবহ সহিংসতার যন্ত্রণা কোনো পরিবারেরই সহ্য করা উচিত নয়। শহিদুল ইসলাম বহিষ্কৃত হওয়ার পরও অবৈধভাবে দেশে প্রবেশ করে এই জঘন্য অপরাধ সংঘটিত করেন এবং পরে একটি ‘স্যাংচুয়ারি সিটিতে’ (অভিবাসী আশ্রয়দাতা শহর) পালিয়ে যান।”
কর্তৃপক্ষ জানায়, যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শেষ পর্যন্ত শহিদুলকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয়। প্রথমে ফেডারেল অভিবাসন মামলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং পরে হত্যা মামলার মুখোমুখি করতে তাকে ফ্লোরিডার লেক কাউন্টিতে ফিরিয়ে আনা হয়। ইনগোগ্লিয়া সাফ জানান, ফ্লোরিডা অপরাধ, স্যাংচুয়ারি সিটি এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

