চলতি বছর যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে (৪-৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম আসরটিই মূলত মূল ফোবানা সম্মেলন। প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ এই মিলনমেলাকে কেন্দ্র করে ফোবানার নাম ব্যবহার করে একই সময়ে পৃথক তিনটি গোষ্ঠী ভিন্ন ভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এগুলোকে ‘নকল ফোবানা সম্মেলন’ আখ্যা দিয়ে প্রবাসীদের বিভ্রান্ত না হতে সতর্ক করেছেন ৪০তম ফোবানা সম্মেলনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর সাংবিধানিক ধারা অনুযায়ী, নির্বাচনী ফলাফলের পর দুই বছর আগেই ঘোষণা দেওয়া হয় কোন অঙ্গরাজ্যের কোন শহরে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ জানান, যুক্তরাষ্ট্রের পৃথক তিনটি সংঘবদ্ধ গোষ্ঠী কোনো ধারাবাহিকতা রক্ষা না করেই হঠাৎ করে ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯তম ফোবানা সম্মেলনের নামে অনুষ্ঠান করে আসছে। এবারও নিউ ইয়র্ক ও ফ্লোরিডাসহ বিভিন্ন শহরে তারা পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এতে মূল ফোবানা সম্মেলনে কোনো ব্যাঘাত ঘটবে না।
নেতৃদ্বয় বলেন, “এক সময় আমরা সবাই এক ছাতার নিচে ছিলাম। বিগত নির্বাচনগুলোতে হেরে কিংবা কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ যদি আলাদাভাবে অনুষ্ঠান করেন, তবে তা কখনোই ফোবানা সম্মেলন হতে পারে না। ফোবানা সম্মেলনের জন্য উত্তর আমেরিকার নিবন্ধিত বাংলাদেশি সংগঠনগুলোর অংশগ্রহণ প্রয়োজন হয়। খোঁজ নিলে জানা যাবে, ওইসব অনুষ্ঠানে কোনো নিবন্ধিত সংগঠনের সম্পৃক্ততা নেই; কিছু শিল্পী এনে শুধুই নাচ-গানের আয়োজন করা হয়েছে।” কোনো বিজ্ঞাপন দেখে প্রবাসীরা যেন বিভ্রান্ত না হন, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
এবারের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শত শত শিল্পী, কলাকুশলী ও বিপুল সংখ্যক দর্শক লস অ্যাঞ্জেলেসে সমবেত হবেন।
এদিকে, ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নুল আবেদিন ও মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম ইকবাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সম্মেলনের পৃষ্ঠপোষকতার জন্য সুলভ মূল্যের ‘সিলভার প্যাকেজের’ সময়সীমা আগামী ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ হাজার ৫০০ ডলার মূল্যের সীমিত আসনের এই বিশেষ প্যাকেজে থাকছে ভিআইপি পাস, উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবসায়িক ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের সুযোগ এবং উন্নত আসন ব্যবস্থা।
তিন দিনব্যাপী এবারের ফোবানা সম্মেলনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য আসর, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, তরুণদের স্কলারশিপ অ্যাওয়ার্ড, গ্রন্থমেলা, কারুপণ্য প্রদর্শনী, ফ্যাশন শো, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাল্যামনাই ফোরামের আলোচনা এবং বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর মতো বৈচিত্র্যময় আয়োজন থাকছে।

