উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভার ঘাটতি নেই; প্রয়োজন বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের পরিবেশ নিশ্চিত করা। যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করাই সরকারের লক্ষ্য।”
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা ক্যালেন্ডারকে শৃঙ্খলার মধ্যে আনতে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই গ্রহণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এ ছাড়া, দেশে অর্জিত পিএইচডি ডিগ্রিগুলোর মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মূল্যায়নের ওপর জোর দেন তিনি। ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’-এর প্রশংসা করে তিনি বলেন, এই মডেল অনুসরণ করে চাঁদপুর, নওগাঁসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনও পর্যায়ক্রমে যুগোপযোগী করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। তিনি বলেন, “কৃষি ও খাদ্য উৎপাদনে সমৃদ্ধ নওগাঁ আজ উচ্চশিক্ষার নতুন যুগে প্রবেশ করেছে। শিক্ষার উদ্দেশ্য শুধু সরকারি চাকরি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের সমস্যা সমাধানে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা।”
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ করেছে, এখন এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। ‘জেনজি’ আন্দোলনের মেধা ও শৃঙ্খলার চেতনাকে স্মরণ করে তিনি বলেন, এই চেতনা যেন কোনোভাবেই পরীক্ষায় অনিয়ম বা শিক্ষার মান ক্ষুণ্ন না করে। উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সরকারের বগুড়া-নওগাঁ-রাজশাহী মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ এবং মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম শিক্ষাবর্ষে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী দিনে ৮০টি আম্রপালি বৃক্ষ দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

