নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হওয়ায় দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত মাস বয়সী এক শিশু ও একজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এ ঘটনায় বরসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার মধ্যরাতে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সালটিবাড়ী ঈদগাহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম। দুর্ঘটনায় গুরুতর আহত বর মোরসালিনসহ বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে গভীর রাতে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি কচুকাটায় ফেরার পথে সালটিবাড়ী ঈদগাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি ঈদগাহ ময়দানের ইটের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে হাসপাতালে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

