২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাত্র কয়েক দিন আগে টিকিট বিক্রি পদ্ধতি নিয়ে বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত ফিফার টিকিট বিক্রির কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। অনলাইন টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম ‘টিকোম্বো’ ফিফার এই পদ্ধতিকে ‘বিভ্রান্তিকর ও কৌশলী’ বলে দাবি করে আদালতে মামলাটি করেছিল।
আদালতের প্রাথমিক নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এই নির্দেশ অমান্য করলে প্রতিবারের জন্য ২ লাখ ৫০ হাজার ইউরো (প্রায় ২ লাখ ৮৭ হাজার ডলার) পর্যন্ত জরিমানা বা সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এই শাস্তির আওতাভুক্ত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমও।
বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিকোম্বো এক বিবৃতিতে জানায়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে স্বচ্ছতা, ন্যায্যতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতেই তারা এই আইনি পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির আইনজীবী মার্সাল গুতিয়েরেস সংবাদমাধ্যম নিউজউইককে বলেন, “আমরা ভোক্তা সুরক্ষা ও স্বচ্ছতাকে অত্যন্ত গুরুত্ব দিই। টিকিটিং শিল্পের সব পক্ষের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিফা এখনো আদালতের এই আদেশের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, এমনকি তারা আদালতের শুনানিতেও উপস্থিত ছিল না।
ফিফার টিকিট বিক্রি নিয়ে তীব্র বিতর্ক
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে ২০২৬ বিশ্বকাপের। তবে পুরো টুর্নামেন্টজুড়েই অস্বাভাবিক টিকিটের মূল্য এবং স্বচ্ছতার অভাব নিয়ে ফিফা তীব্র সমালোচনার মুখে পড়েছে। ফিফা টিকিটের ব্যাপক চাহিদাকে এর কারণ হিসেবে দাবি করলেও, ভক্তদের একাধিক মামলা এবং আয়োজক শহরগুলোর তদন্তের মুখে পড়েছে সংস্থাটি।
গত মে মাসের শেষদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট যৌথভাবে ফিফার টিকিট বিক্রি ব্যবস্থার বিরুদ্ধে তদন্তের সমন জারি করেন। ড্যাভেনপোর্ট অভিযোগ করেন, ফিফা টিকিট কেনার প্রক্রিয়াকে “বিভ্রান্তি, কৃত্রিম সংকট এবং অস্বাভাবিক উচ্চমূল্যের এক গোলকধাঁধায়” পরিণত করেছে।
নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, অনেক ভক্তকে আসনের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে এবং ফিফার গোপন টিকিট রিলিজ ও ভুল বক্তব্যই এই মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। নিউইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের কমিশনার স্যামুয়েল এ. এ. লেভিন বলেন, এসব কর্মকাণ্ড মার্কিন ভোক্তা সুরক্ষা আইনের স্পষ্ট লঙ্ঘন।
টিকোম্বোর মূল অভিযোগ ও ভবিষ্যৎ প্রভাব
টিকোম্বোর অভিযোগ, ফিফা তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে টিকিট বিক্রেতাদের পরিচয় ও ঠিকানা গোপন রেখেছে। এর ফলে বাণিজ্যিক কালোবাজারিরা সাধারণ সমর্থকের ছদ্মবেশে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করার সুযোগ পেয়েছে। এছাড়া প্রাথমিক টিকিট বিক্রির ওয়েবসাইটে “বেইট-অ্যান্ড-সুইচ প্রাইসিং” পদ্ধতি ব্যবহার করার অভিযোগও রয়েছে—যেখানে প্রথমে কম দাম দেখিয়ে চেকআউটের সময় অন্যায়ভাবে মূল্য বাড়িয়ে দেওয়া হয়।
আদালতের এই আদেশ কেবল জার্মানিতে কার্যকর হওয়ায় চলমান বিশ্বকাপের টিকিট বিক্রিতে সরাসরি বড় প্রভাব ফেলার সময় নেই। তবে টিকোম্বো জানিয়েছে, মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠেয় ২০৩০ বিশ্বকাপের আগে ফিফার টিকিটিং ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য তারা এই আইনি ও নীতিগত চাপ অব্যাহত রাখবে।

