নোয়াখালীর সেনবাগে গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরা এবং স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রায়হান ওই বাড়ির কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান ইতিপূর্বে সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরার পর পাঁচ-ছয় মাস আগে তিনি বিয়ে করেন। গত রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন তিনি। খেলা শেষে ভোর রাতে বাড়ি ফিরলে, বাইরে খেলা দেখা ও দেরিতে ঘরে ফেরা নিয়ে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আবেগতাড়িত হয়ে পড়েন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার ঘরে ফিরে এসে দেখেন, রায়হান শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। আজ সোমবারই (২০ জুলাই) রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসার কথা ছিল বলে জানা গেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

