২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ ব্যবধানের জয়ের পর মাঠের মারামারি ও উত্তপ্ত পরিস্থিতির রেশ থামছেই না। ফাইনাল বাঁশি বাজার পর স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর ঘাড়ের কাছে আঘাত বা ধাক্কা দেওয়ার জন্য আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা যে অনুশোচনা প্রকাশ করেছিলেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ওলমো। আয়ালা ঘটনাটি ঢাকতে “মিথ্যা বলছেন” বলেও তোপ দেগেছেন এই বার্সেলোনা তারকা।কাতালান সংবাদমাধ্যম ডিয়ারি ডি তেরাসাকে দেওয়া সাক্ষাৎকারে ওলমো স্পষ্ট জানিয়ে দেন, মুখের কথায় অনুশোচনা দেখালেও আচরণের অজুহাত দাঁড় করানো ব্যক্তি আসলে ভুল স্বীকারই করেন না।
ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরপরই দুই দলের খেলোয়াড় ও অফিশিয়ালদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ক্যামেরায় দেখা যায়, আর্জেন্টিনার সহকারী কোচ ও সাবেক তারকা ডিফেন্ডার রবার্তো আয়ালা ওলমোর ঘাড়ে ও মুখে হাত দিয়ে আঘাত করছেন।পরবর্তীতে রেডিও ভ্যালেন্সিয়া ক্যাপিটালে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা বলেন, “আমি অবশ্যই দুঃখিত। তবে ওটা কোনো ঘুষি ছিল না, স্রেফ একটি ধাক্কা মাত্র। ও আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিল, যার জবাবে আমি আবেগ ধরে রাখতে পারিনি। সামনাসামনি দেখা হলে আমি ওলমোর কাছে দুঃখ প্রকাশ করব।”
আয়ালার এই সাফাই ও উস্কানির দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানিয়ে বলা গল্প হিসেবে আখ্যা দিয়েছেন ওলমো। তিনি বলেন, “যে ব্যক্তি মুখে অনুশোচনা প্রকাশ করে কিন্তু আবার বলে যে কোনো কথা বা মন্তব্যের জবাবে আঘাত করেছে, সে আদতে বিন্দুমাত্র অনুশোচিত নয়। কারণ সে অসত্য বলছে। আমি তাকে বা কাউকে উদ্দেশ্যে করে কিছুই বলিনি, তাই অযথা উস্কানির অজুহাত তুলে তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনও নেই। ভুল করা দিয়ে একজন মানুষকে চেনা যায় না; বরং সততা, বিনয় ও মর্যাদার সাথে নিজের ভুল স্বীকার করার সাহসই মানুষের আসল পরিচয় বহন করে।”আন্তর্জাতিক গণমাধ্যম ও ফিফার চলমান তদন্তের মাঝে ওলমো চান মাঠের এই অপ্রীতিকর ঘটনা ছাপিয়ে স্পেনের শিরোপা জয় এবং তাদের সততার দৃষ্টান্তটিই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকুক।
তিনি যোগ করেন, “যখন আমার পরিবার, সন্তান এবং সমর্থকেরা আমাদের খেলা দেখবে, আমি চাই তারা যেন গর্ববোধ করতে পারে যে আমরা কীভাবে প্রতিযোগিতা করেছি, কীভাবে জিতেছি এবং সবচেয়ে বড় কথা- আমাদের আচরণ কেমন ছিল। ফুটবলার হিসেবে আমরা নতুন প্রজন্মের কাছে রোল মডেল, আর তাই মাঠের ভেতরে ও বাইরে সঠিক আচরণ বজায় রাখার এক বিরাট দায়িত্ব আমাদের কাঁধে থাকে।”উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিশ্বজয়ের যাত্রায় ৮টি ম্যাচের মধ্যে ৬টিতেই মূল স্কোয়াডে ছিলেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এবং ২টি চমৎকার গোল বানিয়ে দিয়েছেন। অন্যদিকে, ম্যাচ শেষের হাঙ্গামার কারণে আর্জেন্টিনা শিবিরের একাধিক সদস্যের বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত চালাচ্ছে ফিফা।

