
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জাতীয় সংসদ ভবনে বুধবার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে পৃথক বৈঠকে এ আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফর এবং ভারতের সংসদ ভবন পরিদর্শনের জন্য আমরা আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সাক্ষাৎকালে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে সব সময় এগিয়েছে এবং সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কও বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারতীয় সংসদকে একটি আধুনিক আইনসভা হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে ভারত সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর মতো অভিজ্ঞ একজন সংসদ সদস্যকে পাওয়া সংসদীয় যোগাযোগ জোরদার ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা আধুনিকায়নের জন্য একটি বড় সুযোগ বলেও মন্তব্য করেন কায়সার কামাল।

