
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে হুমায়ূন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক শক্তিশালী করতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কাজ ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে এবং প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে তার অবদানের প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক যোগাযোগব্যবস্থা চালু হতে যাচ্ছে।
জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এ নির্বাচনকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে চীনের রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

