গাইবান্ধায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আগামী ২ ও ৩ অক্টোবর এবং ৯ অক্টোবর গাইবান্ধার সাঘাটায় সবুজ বাংলা জেনারেল হাসপাতালে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
আয়োজকরা জানান, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। একই সঙ্গে চোখের ছানি রোগীদের বাছাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। ডায়াবেটিস পরীক্ষারও সুযোগ থাকবে।
মেডিকেল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় রয়েছে ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টার ও সবুজ বাংলা জেনারেল হাসপাতাল।
আয়োজক সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত সবুজ বাংলা জেনারেল হাসপাতালে রোগী বাছাই ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে আগ্রহীদের সঙ্গে রোগীর জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর আনতে অনুরোধ করেছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় অসচ্ছল ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীদের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।


