
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেকের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি এ তথ্য জানান।
তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০ হাজার ১৮৮ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি টাকা এবং প্রকল্পসহায়তা হিসেবে ৫ হাজার ২৫২ কোটি টাকা জোগান দেওয়া হবে।
একনেকের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২)। দেশের ব্যাংক খাতের সংস্কার, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের সুরক্ষা জোরদারে প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৭৬ কোটি টাকা।
প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানত সংরক্ষণব্যবস্থার জন্য সফটওয়্যার কেনা হবে। এ ছাড়া সার্ভার যন্ত্রপাতি ও যোগাযোগপ্রযুক্তি সরঞ্জাম কিনতে ৭০০ কোটি টাকার বেশি ব্যয় করা হবে।
জোনায়েদ সাকি বলেন, ব্যাংক ব্যবস্থার তদারকি শক্তিশালী করা এবং সাইবার আক্রমণ থেকে আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে প্রকল্পটি নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং অর্থপাচারের অভিযোগের মতো ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
একনেকের সভায় যক্ষ্মা, এইচআইভি-এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ এবং হবিগঞ্জের বিভিন্ন স্থানে নদীর তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন পেয়েছে।
মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার কয়েকটি এলাকা রক্ষা, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং রংপুর বিভাগের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিন সিটি করপোরেশনের ভূমি ব্যবস্থাপনা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়, ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের সময় বৃদ্ধি না করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
তিনি জানান, যৌক্তিক কারণে সময় বাড়ানো হলেও এর জন্য জবাবদিহি করতে হবে। একই সঙ্গে প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

