
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। দেশে কন্যাশিশুদের শিক্ষা ও অংশগ্রহণে গত কয়েক দশকে অগ্রগতি হলেও মাধ্যমিক পর্যায়ে এসে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার হার এখনো উদ্বেগজনক। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ, যেখানে ছেলেদের হার ৩০ দশমিক ৬৩ শতাংশ।
প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য তুলনামূলকভাবে ভালো হলেও মাধ্যমিক পর্যায়ে এসে পরিস্থিতি বদলে যায়। সরকারি উপাত্তে দেখা যায়, প্রাথমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার ছেলেদের তুলনায় কম। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার ছেলেদের চেয়ে বেশি।
মেয়েদের শিক্ষাজীবন থেমে যাওয়ার অন্যতম বড় কারণ বিয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের প্রায় ৪২ শতাংশের ক্ষেত্রে বিয়ে পড়াশোনা বন্ধের কারণ। নারী শিক্ষার্থীদের মধ্যে এই হার প্রায় ৭১ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে বিয়েকে ঝরে পড়ার কারণ হিসেবে উল্লেখ করার হার ৩ শতাংশ।
ফলে কন্যাশিশুকে বিদ্যালয়ে ভর্তি করানোর পাশাপাশি শিক্ষাজীবনের পুরো সময় তাদের ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে বিয়ে, পারিবারিক চাপ ও অন্যান্য সামাজিক বাস্তবতার কারণে অনেক মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে না।
কন্যাশিশুর শিক্ষা শুধু একজন শিশুর ভবিষ্যৎ গড়ার বিষয় নয়। এর সঙ্গে একটি পরিবার, সমাজ এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নও জড়িত। তাই বিদ্যালয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ২০০৩ সালে দিনটিকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়।

