
নতুন উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এ ধরনের সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের চেষ্টা করা হবে। সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল পরিকল্পিত জায়গায় একটি সদর দপ্তর স্থাপন করা। সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রায় ১১ বিঘা জায়গা বরাদ্দ নিয়ে নতুন সদর দপ্তর নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে বাহিনীটির আর্থিক ও অন্যান্য দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক অর্জন রয়েছে। তবে বর্তমান সদর দপ্তরে জায়গার সংকট রয়েছে। এই সংকট নিরসনে সরকার কাজ করছে।
ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মাসে কোনো অপশক্তি দেশে নাশকতা সৃষ্টি করতে পারবে না।
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর ট্রাফিক ব্যবস্থায় যে উন্নতি দেখা গেছে, তা প্রশংসিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

