সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৬ কোটি ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে দেশে এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।
আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় পরিশোধসহ বৈদেশিক লেনদেনে ভূমিকা রাখে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশে কোনো এক অর্থবছরে এর আগে এত বেশি রেমিট্যান্স আসেনি।

