গাইবান্ধার সাঘাটায় আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প চলছে।
২ ও ৩ অক্টোবর উপজেলার বোনারপাড়ার ১ নম্বর রেলগেট সংলগ্ন সবুজ বাংলা জেনারেল হাসপাতালে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছে ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টার ও সবুজ বাংলা জেনারেল হাসপাতাল।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও রোগী বাছাই করা হচ্ছে।
উদ্যোগের অন্যতম আয়োজক ডা. এটিএম রাশেদুন নবী বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক পর্যায়ের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

