
দাপুটে পারফরম্যান্সে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। শনিবার রাতে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকো পাজ, হুলিয়ান আলভারেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুলিয়ানো সিমিওনে। বাকি গোলটি এসেছে বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালোর আত্মঘাতী গোল থেকে। প্রেস্তিয়ানি ও মাস্তানতুয়োনো দুজনই আর্জেন্টিনার জার্সিতে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছেন।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে আগুস্তিন গিয়াইকে ফাউল করেন দিয়ালো। স্পটকিক নিতে আসেন লাওতারো। তার শট গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পায় আলবিসেলেস্তেরা।
এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। দিয়ালোর ক্লিয়ার করার চেষ্টা নিজেদের জালেই ঢুকে গেলে ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। মাত্র ১২ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন প্রেস্তিয়ানি। বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন এই তরুণ। গোলটিতে সহায়তা করেন লাওতারো।
৩৫ মিনিটে চতুর্থ গোল করেন নিকো পাজ। এর এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন হুলিয়ান আলভারেস। প্রেস্তিয়ানির পাস থেকে গোলটি করেন তিনি। বিরতির আগেই ম্যাচের ফল কার্যত নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি। ৫৭ মিনিটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। লাওতারোর পাস থেকে গোলটি করেন তিনি। এরপর একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্কালোনির দল।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভালেন্তিন বার্কোর পাস থেকে হেডে গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।
এই জয়ে স্কালোনির অধীনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডে আবারও ভাগ বসাল আর্জেন্টিনা। ২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষেও ৭-০ ব্যবধানে জিতেছিল তারা। এবারের জয়ের ফলে বোলিভিয়ার বিপক্ষে ৪-০ জয়ের পর এই আন্তর্জাতিক বিরতিতে টানা দ্বিতীয় বড় জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা।

