বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করা হবে।
মন্ত্রী আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।


