জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার নেতার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সর্বোচ্চ সাজা দাবি করা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, শহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
যুক্তিতর্ক শেষে গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, হানিফসহ চার আসামির বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু অতিরিক্ত তথ্য-প্রমাণ দাখিল করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার যুক্তিতর্ক শেষ করা হয়। যুক্তিতর্ক শেষে চার আসামিরই সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।
প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফ জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন। অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নেও তিনি ভূমিকা রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, হানিফ একজন সিভিলিয়ান লিডার ছিলেন। অধীনস্তদের নির্দেশনা দেওয়া এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কুষ্টিয়ায় আন্দোলন দমনের কার্যক্রম বাস্তবায়নে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব কথোপকথনও ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমকে একই ধরনের অপরাধে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। একই অবস্থানে থেকে হানিফও সর্বোচ্চ শাস্তির যোগ্য বলে মনে করছে প্রসিকিউশন।
মামলার অভিযোগ প্রসঙ্গে গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে হানিফ দলের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানি ও সহায়তা করেন। ওবায়দুল কাদেরের বিভিন্ন বৈঠকেও তিনি উপস্থিত থেকে সমর্থন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের আরও অভিযোগ, টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি), জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছিলেন হানিফ। এ-সংক্রান্ত টেলিফোন কথোপকথনের তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর।
হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক।
এর আগে ১০ জুন এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
এর আগে গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

