পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনআস্থা আরও বেশি প্রতিষ্ঠা করাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে এক সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আট মাস এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর সময় পার হলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে। এই আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!
আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে তিনি বলেন, আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।

