
গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নে প্রায় অর্ধ কোটি টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে বই ও কিতাব কেনার জন্য ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও মেধাবী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

