গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এ সময় জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়াবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মধ্যরাতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তর পাশে অভিযান চালান। এ সময় জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০) ও মোজাহার আলী (৫২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি-১৩-এর পক্ষ থেকে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জুয়া খেলা, অনলাইন জুয়া ও ক্যাসিনোসহ জুয়াসংক্রান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


