বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফাইনালের টিকিটের লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শুধু জিতলেই হবে না, পূরণ করতে হবে রান ও ওভারের কঠিন সমীকরণও। ফলে ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে উঠেছে। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচ জেতার পাশাপাশি জয়ের ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৪১ রান।
ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের একাদশে চমক। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলো রহস্য স্পিনার আলিস আল ইসলামের। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া ১৫৫তম ক্রিকেটার তিনি।
এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান, লেগ স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জ্বর কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোহানের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগান একাদশেও জোড়া পরিবর্তন
জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পরও একাদশে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন ফজলহক ফারুকি ও জিয়াউর রেহমান আকবারি। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি।

