সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ। সঞ্চালনা করেন এইচ আলিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক শামীম হোসেন, জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, ডা. মতিউর রহমান, অধ্যক্ষ শ্রাবণী সুলতানা এবং সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গুণী মায়েদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪ বছরের পথচলা উদযাপনের এ আয়োজনে সাংস্কৃতিক চর্চার প্রসার, গুণীজনদের সম্মাননা এবং সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়।

