হিরো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬-এ অংশ নিতে ভারতের পাঞ্জাবের জলন্ধরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে শহরটিতে পৌঁছানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে প্রতিযোগিতাটিকে দেখছে বাংলাদেশ দল।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পর্বের ম্যাচগুলো ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর সেমিফাইনাল ও পদক নির্ধারণী ম্যাচ হবে মোহালিতে।
পাকিস্তান সরে দাঁড়ানোর পর এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। ফলে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের হকি খেলোয়াড়েরা।
বাংলাদেশ হকি ফেডারেশনের মিডিয়া উইং জানিয়েছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ দেশের হকির মান উন্নয়ন এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

