খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়নের উদ্দেশ্যে পাবনায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয় লিড ব্যাংক হিসেবে যৌথভাবে অনুষ্ঠানটি সমন্বয় করে।
অনুষ্ঠানে পাবনা এলাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে ২৭ জন কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তার মধ্যে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় মোট ২ কোটি ৭০ লাখ টাকার মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়।
সভায় পাবনা এলাকায় কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপক এবং তিন শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন। এ ছাড়া পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

