বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। পরদিন তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ছেলের মৃত্যু আত্মহত্যা বলে মনে করছেন না বাবা কে এম এনায়েতুল করিম। তার সন্দেহ, তাহসিফকে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সন্দেহের কথা জানান কে এম এনায়েতুল করিম।
তিনি বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর তাহসিফের এক বন্ধু বাসায় এসে তাকে ডাকেন। তখন তাহসিফ মাকে জানান, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলে আসবেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছেলের সঙ্গে কারও বিরোধ বা ঝামেলা ছিল কি না, জানতে চাইলে তাহসিফের বাবা বলেন, তার ছেলে অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ কিংবা কোনো ধরনের বিরোধ ছিল বলে তিনি জানেন না। এ কারণে কী ঘটেছে, তা বুঝতে পারছেন না তারা।
কে এম এনায়েতুল করিম জানান, ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তাহসিফ তার সঙ্গে ব্যক্তিগত বিষয়সহ অনেক কিছুই ভাগাভাগি করতেন। চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণে ছেলের কিছুটা মন খারাপ হয়ে থাকতে পারে, তবে এ নিয়ে তার বড় কোনো সমস্যা ছিল বলে মনে করেন না তিনি।
ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আত্মহত্যার কোনো কারণ তিনি দেখছেন না। তাহসিফ প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বিমানবাহিনীতে কমিশন্ড অফিসার হতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন কোর্স সম্পন্ন করার পাশাপাশি উড্ডয়নেও তিনি ভালো ছিলেন।
বাবার ভাষ্য, ছেলের মানসিক অবস্থা সম্পর্কে তার ধারণা ছিল। তার বিশ্বাস, তাহসিফ আত্মহত্যা করেননি; বরং তাকে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা সম্ভাব্য কারণ জানাতে পারেননি তিনি।
তাহসিফের কর্মজীবন সম্পর্কে তার বাবা জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ ভার্গ নামের একটি প্রতিষ্ঠানে প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি বিশ্রামে ছিলেন।
কে এম এনায়েতুল করিম বলেন, ঘটনার দিন তাহসিফ তার মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন। বাবার জন্যও কেনাকাটা করেন। এরপর দ্বীপ নামে এক বন্ধুর সঙ্গে কথা বলতে নিচে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। স্বাভাবিকভাবে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে, তা পরিবারের কেউ ভাবতে পারেননি।
তিনি আরও জানান, তাহসিফের মা একাধিকবার তার ব্যক্তিগত নম্বরে ফোন করেও যোগাযোগ করতে পারেননি। পরে রাত ১টার পর তাহসিফ মাকে বার্তা দিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন।
তাহসিফের বাবা জানান, বুধবার দুপুরের দিকে তিনি থানায় গিয়ে ছেলের খোঁজ করেন। তখন পুলিশ তাকে জানায়, তাহসিফের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে তাকে ফোন করা হয়।
তার ও ছেলের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ জানায়, তুরাগ নদে একটি মরদেহ পাওয়া গেছে।
রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন কে এম এনায়েতুল করিম। তিনি জানান, ওই এলাকায় তার ছেলে কখনো যেতেন না। তারপরও সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না তারা। কে বা কারা তার ছেলেকে হত্যা করেছে, সে বিষয়েও তাদের কাছে কোনো তথ্য নেই।
তুরাগ নদ থেকে উদ্ধারের পর তাহসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হলেও মরদেহ নিতে স্বজনদের উপস্থিতি নিয়ে জটিলতার কথা জানান মর্গসংশ্লিষ্ট সূত্র ও মরদেহ নিয়ে আসা নৌ পুলিশের এক সদস্য।
তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মরদেহের সঙ্গে একজন স্বজন হাসপাতালে এসেছিলেন। পরে তিনি চলে যান।
মরদেহ বহনকারী গাড়ির চালক সামিউল জানান, মালিকের নির্দেশে তিনি মরদেহটি হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতালের ভেতরের প্রক্রিয়া শেষে মরদেহ আবার গাড়িতে তোলা হয়েছে। পরে তিনি সেটি উত্তরায় নিয়ে যাওয়ার কথা জানান। তার সঙ্গে নিহতের পরিবারের কেউ ছিলেন না বলেও জানান তিনি।
ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, তাহসিফের মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নৌ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধারের সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে থাকা ঘড়ি এবং পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পরিবার। তার বাবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টিও রয়েছে পুলিশের বিবেচনায়।


