পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয়জনের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। একই ঘটনায় আহত তিনজনের প্রত্যেকের পরিবারকে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ অনুদান দেওয়া হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তামারা তাসবিহা, মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তামারা তাসবিহা জানান, শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে কয়েকজন বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। সেখানে আকস্মিক বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন।
নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে দাফন ও জরুরি আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি আহত তিনজনের চিকিৎসার জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন।
ইউএনও আরও জানান, স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি হতাহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। পরিবারগুলোর আরও কোনো সহায়তার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার একটি বিলে আশপাশের বিভিন্ন এলাকার নয়জন বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ছয়জন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। প্রথমে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
বজ্রপাতে নিহত ছয়জন হলেন মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।


