
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনিতে দীর্ঘ তিন থেকে চার দশক ধরে বসবাস করে আসা প্রায় ২০০ ভূমিহীন পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে কে ওয়াই সি আর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গত চার দিন ধরে কোনো ধরনের আনুষ্ঠানিক সরকারি নোটিশ ছাড়াই বহিরাগত লোকজন ও এক্সকাভেটর ব্যবহার করে এসব পরিবারের বসতবাড়ি ভাঙা হচ্ছে। এতে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন নারী, শিশু ও বয়স্ক সদস্যরা।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের নামমাত্র ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ প্রদানের ক্ষেত্রেও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
দীর্ঘদিনের বসতভিটা হারিয়ে দিশেহারা পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ পরিস্থিতিতে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

