কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. হাসমাতুল্লাহ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি বিশেষ গোয়েন্দা দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের কস্টেপে মোড়ানো পাঁচটি নীল কার্টনের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, মিয়ানমার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন তিনি।
আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মো. আবুল বাশারের ছেলে।
শনিবার সকালে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

