
কুমিল্লার মুরাদনগরে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছ ও নগদ টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১-এর সিপিসি-২ এবং র্যাব-১০-এর সিপিসি-১ (যাত্রাবাড়ী) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাবের তথ্যমতে, গত ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ইলিশ মাছ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন।
রাত সাড়ে ১২টার দিকে একটি সাদা রঙের পিকআপ দিয়ে তাঁর গাড়ির গতিরোধ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। এ সময় দেশীয় অস্ত্রের মুখে চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় ডাকাতরা।
পরে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপটি নিয়ে যায় ডাকাতরা। এ সময় মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭১ হাজার টাকাও লুট করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
এ ঘটনায় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। মামলার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
র্যাব জানায়, ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস মিয়ার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকায়। তবে তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুরের বরগাঁও এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ ও পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় র্যাব জানতে পারে, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে। তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। র্যাবের দাবি, এই দলের সদস্যরা বিভিন্ন এলাকায় বিদেশফেরত প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ডাকাতি করতেন।
গ্রেপ্তারের পর ইদ্রিস মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

