গাইবান্ধায় চাকরি জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. ফজলুল হক মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নুরুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য মো. আজিজুল হক রাজা।
সম্মেলনের উদ্বোধন করেন আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুনজুরুল মোস্তফা মুন্না।
এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. হাফিজার রহমান, বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম স্বপন এবং সদস্যসচিব মো. পান্না মিয়া।
সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

