পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে ইছামতী নদীর কচুরিপানা অপসারণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের ছোট-বড় সবাই মিলে নদী পরিষ্কারের এ কার্যক্রমে অংশ নিয়েছেন।
কচুরিপানায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইছামতী নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা। নদীতে স্রোত না থাকায় কচুরিপানা দ্রুত বিস্তার লাভ করে বিভিন্ন স্থানে স্তূপে পরিণত হয়েছে। কাছারপুর গ্রাম থেকে পীরপুর হয়ে শ্রীপুর গ্রাম পর্যন্ত নদীর বিস্তীর্ণ অংশ কচুরিপানায় ছেয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মাহবুব হোসেন খানসহ এলাকাবাসী জানান, কচুরিপানা দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নদীতে স্রোত না থাকায় সেগুলো জমে বড় স্তূপ তৈরি হয়েছে। অনেক স্থানে কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত পানির কারণে বাড়ছে রোগবালাই। পাশাপাশি সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।
তাঁরা আরও জানান, নদীর পানিতে মাছ মরে ভেসে উঠছে। এতে নদীনির্ভর জেলেরা কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে দুর্ভোগ পোহালেও এ সমস্যা সমাধানে এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এমন পরিস্থিতিতে ‘চলো হাতে হাত রাখি, আমাদের নদী আমরাই পরিষ্কার করি’ স্লোগানে নদী পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘সাকো গ্রাম উন্নয়ন সংগঠন’। সংগঠনটির উদ্যোগে গঠন করা হয়েছে ‘ইছামতী নদীর কচুরিপানা অপসারণ কমিটি’। এ উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন পীরপুর গ্রামের সর্বস্তরের মানুষ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর বিভিন্ন পয়েন্টে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইছামতী নদীর কচুরিপানা অপসারণ কমিটির উদ্যোক্তা ও সাকো গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল্লাহ খান উজ্জ্বল, তারিকুল ইসলাম শাওন ও এ বি সিদ্দিক মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব আবু তাহের খান, আলহাজ্ব সাইফুল ইসলাম খান, আলহাজ্ব আব্দুল বাতেন খান মজনু, আলহাজ্ব মাওলানা আক্কাস আলী খান, মোহাম্মদ বাকীবিল্লাহ খান, মোহাম্মদ আলতাফ হোসেন খান, খন্দকার আশরাফ আলী, শওকত হোসেন খান, আহসান হাবীব জাহাঙ্গীর মুজিবসহ পীরপুর গ্রামের বিভিন্ন বয়সী মানুষ।

