
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ৩ নভেম্বর সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে অপসারণ করে গৃহবন্দি করা হয়। পরে ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। এ ঘটনার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পারস্পরিক সংহতি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও এতিমখানায় প্রীতিভোজ, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

