
নওগাঁয় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এর লক্ষ্য।
এনামুল হক বলেন, যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে একটি কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় টুর্নামেন্টগুলোতে কোনো বিদেশি খেলোয়াড়কে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বা টুর্নামেন্ট কমিটি শুধু ব্যবসায়িক স্বার্থে প্রতিযোগিতার আয়োজন করলেও স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে যথাযথ গুরুত্ব দিত না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্থানীয় খেলোয়াড় তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিগগিরই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী জেলা দল গঠন এবং তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

