
কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান লাকসাম শিল্প পার্ক, সুরক্ষা সিটি ও সুরক্ষা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টুর বিরুদ্ধে একক আধিপত্য বিস্তার, বিনিয়োগের অর্থের হিসাব না দেওয়া, আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় সুরক্ষা হসপিটালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা অভিযোগ করেন, তাঁদের অনেকেই জীবনের শেষ সম্বল এবং দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। কিন্তু প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পর ১৭ বছর পেরিয়ে গেলেও তাঁরা কোনো লভ্যাংশ পাননি। এমনকি বিনিয়োগ করা অর্থের সঠিক হিসাবও তাঁদের দেওয়া হয়নি।
বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় একক আধিপত্য বিস্তার করে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এ সময় তাঁরা অবিলম্বে প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, নিরপেক্ষ নিরীক্ষার মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত, পরিচালনায় যৌথ মালিকানার অধিকার নিশ্চিত এবং ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলো বুঝে নিয়ে প্রকৃত বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান বিনিয়োগকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সুরক্ষা সিটির নির্বাহী পরিষদের পরিচালক (অর্থ ও প্রশাসন) মিরাজুল ইসলাম বাবু, উপব্যবস্থাপনা পরিচালক আবু বকর, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মালেক হিরন, নির্বাহী পরিচালকবৃন্দসহ প্রতিষ্ঠানের অন্যান্য বিনিয়োগকারী।

